যোগব্যায়ামের ম্যাট পরিষ্কার না করলে বাড়তে পারে ত্বকের সংক্রমণের ঝুঁকি

যোগব্যায়ামের ম্যাট পরিষ্কার না করলে বাড়তে পারে ত্বকের সংক্রমণের ঝুঁকি

প্রতিদিন সকালে নিয়ম করে যোগব্যায়াম বা প্রাণায়াম করেন অনেকেই। ব্যায়াম শেষে ম্যাট গুটিয়ে রেখে অফিস কিংবা দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েন।কিন্তু নিয়মিত ব্যবহৃত এই ম্যাট পরিষ্কার না করলে সেখানে জমে থাকা ঘাম, ধুলো ও আর্দ্রতা থেকে জন্ম নিতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাক। বিশেষজ্ঞদের মতে, এসব অণুজীব চোখে দেখা না গেলেও দীর্ঘদিন একই ম্যাট ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকদের ভাষ্য, শুধু শরীর পরিষ্কার রাখা বা প্রতিদিন পরিষ্কার পোশাক পরলেই যথেষ্ট নয়। যে ম্যাটের ওপর প্রতিদিন ব্যায়াম করা হয়, সেটিও সমানভাবে পরিষ্কার রাখা প্রয়োজন।কারণ অপরিষ্কার ম্যাটে জমে থাকা জীবাণু ত্বকের সংস্পর্শে এসে চুলকানি, র‍্যাশ, ফাঙ্গাল সংক্রমণসহ নানা সমস্যা তৈরি করতে পারে।

দুর্গন্ধও হতে পারে সতর্কবার্তা

ব্যবহারের পর ম্যাট গুটিয়ে দীর্ঘ সময় রেখে দিলে অনেক সময় দুর্গন্ধ তৈরি হয়।এটি শুধু অস্বস্তিকরই নয়, বরং ম্যাটে ময়লা ও জীবাণু জমে থাকারও ইঙ্গিত হতে পারে। তাই ব্যায়াম শেষে সম্ভব হলে কিছু সময় খোলা জায়গায় বা বাতাস চলাচল করে এমন স্থানে ম্যাট শুকাতে দেওয়া উচিত।

ঘরেই তৈরি করুন ম্যাট পরিষ্কারের সহজ সলিউশন

ম্যাট পরিষ্কার করতে দামি ক্লিনার ব্যবহার করতেই হবে, এমন নয়। ঘরোয়া উপকরণ দিয়েই কার্যকর একটি পরিষ্কারক তৈরি করা যায়।

একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে নিন। এরপর এতে ৫ থেকে ৬ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে মিশ্রণটি ম্যাটের ওপর স্প্রে করুন। এরপর শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। তবে পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার না করে খোলা বাতাসে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর ব্যবহার করাই নিরাপদ।

সপ্তাহে অন্তত একবার গভীরভাবে পরিষ্কার করুন

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন ব্যবহার করলে সপ্তাহে অন্তত একবার তরল সাবান ও নরম স্পঞ্জ দিয়ে ম্যাট পরিষ্কার করা উচিত। তবে অধিকাংশ যোগব্যায়ামের ম্যাট ওয়াশিং মেশিনে ধোয়া ঠিক নয়। এতে ম্যাটের গঠন ও স্থায়িত্ব নষ্ট হতে পারে।

সুস্থ থাকতে পরিচ্ছন্ন ম্যাটও জরুরি

শরীরচর্চা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই অভ্যাস যেন জীবাণুর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পরিণত না হয়, সেদিকেও সমান নজর দেওয়া প্রয়োজন। ব্যায়ামের পাশাপাশি ম্যাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করলে ত্বকের সংক্রমণের ঝুঁকি কমবে এবং দীর্ঘদিন ম্যাটও ভালো থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS