শনিবার বিকেএসপিতে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প

শনিবার বিকেএসপিতে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প

ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। আগামী মাসে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। পুরুষ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি এখনো শুরু না হলেও নারী দলের ক্যাম্প শুরু হচ্ছে শনিবার থেকে।

শুক্রবার মিরপুরের একাডেমিতে রিপোর্ট করেছেন নারী ক্রিকেটাররা।শনিবার থেকে বিকেএসপিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্পে থাকবেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে রাজশাহীতে, আর টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে।

বিকেএসপিতে ক্যাম্প শেষ করে দল যাবে ওয়ানডের ভেন্যু রাজশাহীতে। সেখানে যাওয়ার আগে স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে ক্রিকেটাররা। ঈদের আগেও তারা প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।

ওয়ানডে সিরিজের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রাজশাহী স্টেডিয়াম।

এই ভেন্যুতে এর আগে কোনো স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। ২২ এপ্রিল দ্বিতীয় ম্যাচ এবং ২৫ এপ্রিল হবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটে যাবে দুই দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ এবং ২ মে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের সামনে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অলরাউন্ডার স্বর্ণা আক্তার এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আত্মবিশ্বাস ভালো আছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ। এই সিরিজের আগে যে ম্যাচগুলো আছে, সেগুলোতে নিজেদের উন্নতির চেষ্টা করতে হবে। বিশ্বকাপের আগে এটাই আমাদের সেরা প্রস্তুতির জায়গা।’

মিডল অর্ডারে ব্যাটিং করা স্বর্ণা নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমি আমার পারফরম্যান্স নিয়ে খুশি নই। আমার যে দায়িত্ব, সেটা এখনো ঠিকভাবে পালন করতে পারছি না। বিশ্বকাপের আগে এই জায়গায় কাজ করছি। আশা করি ছোট ছোট ইনিংসগুলো বড় করতে পারব।’

নিজের উন্নতির জায়গা নিয়েও কথা বলেন এই অলরাউন্ডার, ‘আমার একটু কুল অ্যান্ড কাম থাকা দরকার, বিশেষ করে ব্যাটিংয়ের সময়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় খেলতে পারলে ব্যাটিং আরও ভালো হবে। এসব বিষয় নিয়েই কাজ করছি।’

শ্রীলঙ্কা সিরিজে জয়ের ব্যাপারে আশাবাদী স্বর্ণা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অবশ্যই ভালো দল। তবে আমরাও ভালো ছন্দে আছি। খেলা আমাদের মাটিতে। রাজশাহী ও সিলেটের উইকেটও ভালো। আশা করি ভালো একটি সিরিজ হবে এবং আমরাই জিতব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS