জনগণের হাতেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে: নজরুল ইসলাম খান

জনগণের হাতেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষিমন্ত্রী নজরুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতা মানে কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ড নয়, বরং সেই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি। আজ সেই স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এদেশের জনগণ বিজয়ী হয়েছে। এখন এই বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই নজরুল ইসলাম খান শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক ও প্রথম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। তিনি বলেন, যিনি ‘উই রেভল্ট’ বলে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই সাহসী মহানায়ককে আমরা স্মরণ করছি।

পাশাপাশি তিনি দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অনবদ্য ত্যাগের কথা তুলে ধরেন।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা গণতন্ত্র এনেছে, অথচ তাদের হাতেই বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে।শেখ মুজিব যা করতে পারেননি, তার কন্যা শেখ হাসিনা বাকশালের সেই রূপটিই প্রতিটি প্রতিষ্ঠানে কায়েম করেছিলেন। আদালত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রকে করা হয়েছিল দলীয়করণ।

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ লড়াইয়ের পর দেশে পরিবর্তন এসেছে। ১৯৯১ সালের মতো এবারও মানুষ ভুল করেনি।

যারা রাজপথে খুন হয়েছে, গুম হয়েছে কিন্তু মাঠ ছাড়েনি, সেই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বকেই দেশের জনগণ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমৃদ্ধি আনার চেষ্টা করছেন। কর্মসংস্থান ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উপযুক্ত ও শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিন।আমরা বড় লড়াইয়ে জয়ী হয়েছি, এই লড়াইয়েও আমাদের বিজয়ী হয়ে প্রকৃত স্বাধীনতা জনগণের হাতে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS