বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষার মধ্যেই নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেট অ্যাকশন সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল।
জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে বড় পরিসরে শুরু হবে সিনেমাটির প্রথম ধাপের কাজ।
সূত্র বলছে, এই সিনেমার জন্য তৈরি করা হচ্ছে বিশাল একটি ‘মিনি সিটি’। সেটটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলের আবহ ফুটে ওঠে। ছবির প্রয়োজনে সেখানে বড় পরিসরের অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে।
সংশ্লিষ্টদের মতে, সেট নির্মাণ, অ্যাকশন কোরিওগ্রাফি ও কাস্টিং—সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে।এই উচ্চাভিলাষী প্রজেক্টে পরিচালক বংশী পাইডিপল্লী সালমান খানকে নতুন এক লুকে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন।
নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের উপস্থিতি থাকবে বলে আভাস মিলেছে। একটি শক্তিশালী অ্যাকশন থ্রিলার গল্পই সালমানকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে বলে জানা গেছে।
নির্মাতা প্রতিষ্ঠান ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে।
সালমানের বাণিজ্যিক ধারা এবং দক্ষিণী নির্মাণশৈলীর মিশেলে তৈরি এই ছবি বক্স অফিসে সাড়া ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের।