কুয়েতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কুয়েতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ)  যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করেছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক  বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান আঞ্চলিক বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে কুয়েত সরকার কর্তৃক জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা বলবৎ থাকায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সীমিত পরিসরে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।এরপর ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উপলক্ষে  রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী,  পররাষ্ট্রমন্ত্রী এবং  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যায়ক্রমে পাঠ করেন। বাণী পাঠ শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত দিবসটি উপলক্ষে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। উপসাগরীয় অঞ্চলে চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা প্রদানে দূতাবাসের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS