তারকাদের ঘরের ব্যক্তিগত খবর জানতে বরাবরই ভক্তদের কৌতূহলের শেষ নেই। দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত দেখতে সামাজিকমাধ্যমে চোখ রেখেছিলেন অনুরাগীরা।
বিজয়-রাশমিকার হানিমুনের গন্তব্য নিয়েও আলোচনা কম হয়নি।কয়েকদিন আগেই জানা যায়, হানিমুনের জন্য থাইল্যান্ডে গেছেন তারকা দম্পতি। এবার সেই মেগাবাজেট হানিমুনের ঝলক দেখালেন ‘বিরোশ’।
থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল হানিমুন? সেসব রঙিন মুহূর্ত দেখার জন্য ভক্তদের প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল। এবার নিজেরাই রোমান্টিক সফরের ভিডিও শেয়ার করেছেন।
খবর, থাইল্যান্ডের কো সামুইয়ে এয়ারবিএনবি ভিলাতে ছিলেন তারকাদম্পতি। ভিডিওতে ধরা পড়ল বিজয়-রাশমিকার বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত। থাইল্যান্ডের মনোরম প্রকৃতি, নীল জলরাশি আর নির্জন পরিবেশে তারকাদম্পতি যেন ভালোবাসার উদযাপনে ব্যস্ত। কখনও সমুদ্রের ধারে হাত ধরে হাঁটতে দেখা গেল তো কখনও বা সূর্যাস্তের মায়াবী আলোয় একে-অপরের সান্নিধ্যে হারিয়ে গেলেন তারা।
হোটেলের ঘরে আবার খুনসুঁটিতে মেতে উঠতেও দেখা গেল তাদের। ভিডিওতে বিজয়ের উদ্দেশে নায়িকাকে বলতে শোনা গেল, “তুমি আমার স্বামী- এই কথাটা বলতে এখনও কিছুটা সময় লাগছে!” রাশমিকার এমন মন্তব্যে দক্ষিণী অভিনেতার জবাব, “তুমি আমার প্রিয় বন্ধু- আমাদের সম্পর্কের এই দিকটা কিন্তু বদলায়নি।” বিলাসবহুল রিসোর্টের নিরিবিলি পরিবেশে বিজয়-রশ্মিকার এমন একান্ত যাপনের মুহূর্তই বর্তমানে ‘টক অফ দ্য টাউন’।
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। পরে জমকালো রিসেপশনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে সমাপ্তি টানেন তারা।