সারা দেশ যখন পবিত্র ঈদুল ফিতরের উৎসবে মেতেছে, তখন জাতীয় দলের ফুটবলাররা দেশের সম্মান বয়ে আনতে অবস্থান করছেন সুদূর ভিয়েতনামে। লক্ষ্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়া। আজ সকালে বাংলাদেশ দল ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছে।
২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর হাভিয়ের কাবরেরা এখন বাংলাদেশের ফুটবল ইতিহাসের দীর্ঘতম মেয়াদের কোচ।দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার মতে, গত চার বছরে দলের চেহারা আমূল বদলে গেছে।
কাবরেরা বলেন, ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটি একটি চমৎকার সময়। আমরা অনেক চড়াই-উতরাই পার করেছি, তবে ২০২২ সালের তুলনায় দলের বর্তমান কাঠামো ও সংহতি এখন অনেক বেশি শক্তিশালী।’
ভিয়েতনামে যাওয়ার আগে ঢাকায় ২৮ জন ফুটবলারকে নিয়ে একটি নিবিড় অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও বৃষ্টির কারণে একটি সেশন মিস হয়েছে, তবে কোচ জানান খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছেন। এখন সেই পরিশ্রমের ফল মাঠে দেখানোর পালা।
এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী।
তাকে ঘিরে কোচের বড় পরিকল্পনা রয়েছে। কাবরেরা জানান, হামজা তার ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। হামজাকে দলের অন্যতম ‘লিডার’ হিসেবে আখ্যা দিয়ে কোচ বলেন, তার অন্তর্ভুক্তি দলকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের দল। এরপর দল যাবে সিঙ্গাপুরে, যেখানে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ।যদিও মূল পর্বের সমীকরণ বাংলাদেশের জন্য বেশ কঠিন, তবুও জয় দিয়ে আসর শেষ করতে বদ্ধপরিকর কোচ ও খেলোয়াড়রা।
সব মিলিয়ে বিদেশের মাটিতে ঘাম ঝরানো জামাল-হামজাদের এই মিশন দেশের ফুটবলে নতুন কোনো দিগন্ত উন্মোচন করে কি না, সেটিই এখন দেখার বিষয়।