ঈদের আনন্দে যখন চারপাশ মুখর, তখন তাসকিন আহমেদের ঘরে উৎসবটা যেন একটু বেশিই! কারণ তার ছেলে তাশফিন আহমেদ রিয়ান পাক্কা ৩০টি রোজা রেখেছে। ছেলের এই সাধনায় বাবা হিসেবে গর্ব অনুভব করছেন তাসকিন।
শনিবার নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাসকিন জানান ছেলের কীর্তির কথা, “মাশাআল্লাহ এটা বাবা হিসেবে অনেক গর্বের বিষয়। আমি প্রায়ই তাকে বলেছি, ‘তুমি টানা ৩০ রোজা রেখ না।আল্লাহ অবশ্যই তোমার ব্যাপার বিবেচনা করে দেখবেন। তুমি অনেক ছোট। একদিন পরে পরে রাখ।’ তবে সে ৩০টাই রেখেছে মাশাআল্লাহ।’’
রোজার মাসজুড়ে সেহরি নিয়েও ছিল মজার এক গল্প। সেহরি মিস হয়ে যাওয়ার ভয়েই অনেক সময় ঘুমাতে চাইত না তাশফিন। তাসকিন বাসায় থাকলে তাকে আশ্বাস দিতেন, নিজেই ডেকে তুলবেন। বাবার সেই কথায় ভরসা পেলে তবেই ঘুমাত সে, নইলে জেগেই থাকত!
তাসকিন জানালেন সেই কথাও, “সে ঘুমাতে চাইত না।
তাকে যদি কেউ না ডাকে এ কারণে ঘুমাতে চাইতো না। তো পরে আমি যখন বাসায় থাকতাম, মানে আমাদের পাকিস্তান সিরিজ ছিল, বিসিএল ছিল। তো যেদিন যেদিন আমি থাকতাম, তাকে প্রমিস করতাম এই বলে, ‘ঠিক আছে। আমি ডেকে দেবো। তুমি ঘুমাও।’ তখন সে ঘুমাত। তা ছাড়া সে ঘুমাতে চেত না।’’
ঈদের দিনে স্বাভাবিকভাবেই সালামি পাওয়ার আনন্দও ছিল তাশফিনের চোখেমুখে। বাবা, মা ও দাদার কাছ থেকে পাওয়া তিন হাজার টাকা নিয়ে তার পরিকল্পনাও বেশ চমকপ্রদ।
তাশফিনের কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’