বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের দর্শনও স্পষ্ট করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সব বিষয়েই খোলামেলা কথা বলেন তিনি।
ওয়ানডে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’
এই সিদ্ধান্তের ফলে টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।ওয়ানডে ও টি-টোয়েন্টির সাদা বলের দুই সংস্করণে নেতৃত্ব দেবেন লিটন দাস।
মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়ে কোনো বিতর্কে যেতে চাননি বিসিবি সভাপতি।বরং একজন ক্রিকেটার হিসেবে তার গুরুত্বের কথাই তুলে ধরেন তিনি।
তামিম বলেন, ‘মিরাজকে আমরা ক্রিকেটার হিসেবে বেশি ভ্যালু করি।আউটসাইড নয়েজ তাকে হয়তো বেশি অ্যাফেক্ট করছিল।’
জাতীয় দলের জয়-পরাজয় নিয়ে বোর্ডের ভূমিকা সম্পর্কেও নিজের অবস্থান স্পষ্ট করেন তামিম। তার মতে, একটি সিরিজের ফলাফল দিয়ে খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্টকে বিচার করা ঠিক নয়।
সভাপতি বলেন, ‘এক সিরিজ জিতলে আমরা সেলিব্রেট করি, বোনাস দিই। পরের সিরিজ হারলে ডেকে প্রশ্ন করা, এটার পক্ষে আমি না।’