বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে অতীত মানেই শিক্ষা, অনুশোচনা নয়। জীবনে নেওয়া কোনো সিদ্ধান্তই তিনি বদলে দিতে চান না।তার বিশ্বাস, ভুল-শুদ্ধ মিলিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি, তাই অতীত নিয়ে আফসোস না করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংসের হয়ে খেলছেন সাকিব।টুর্নামেন্ট চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেই, যা এখন ফিরে গিয়ে বদলে দিতে চান।
সাকিব বলেন, ‘মানুষ ভুল করেই শেখে।তাই অতীতে করা ভুলগুলো মুছে ফেলতে চাইলে সেই শিক্ষাও পাওয়া হতো না। ভালো-মন্দ সব অভিজ্ঞতাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, আর সেটি নিয়েই আমি সন্তুষ্ট।’
ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি না এমন প্রশ্নও করা হয় সাক্ষাৎকারে।
জবাবে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অতীত বদলানোর চেয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোই বেশি গুরুত্বপূর্ণ। কোন সিদ্ধান্ত নিলে কী হতো, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পরিচয়ের কারণে সমালোচনার মুখে পড়েন সাকিব। দেশে না থেকেও কেন তাকে সমালোচনার শিকার হতে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, ‘এ বিষয়ে উত্তর দেওয়ার দায়িত্ব বর্তমান সিদ্ধান্ত গ্রহণকারীদের। এর সঠিক ব্যাখ্যা তাদের কাছ থেকেই আসা উচিত।’