ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ফাইনালকে সামনে রেখে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। ম্যাচের আগে পাঠানো এক ভিডিও বার্তায় দলের প্রধান কোচ মার্ক কক্স, নির্ভরযোগ্য ফুটবলার মিঠু চৌধুরী এবং অধিনায়ক শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।দলের ইংলিশ হেড কোচ মার্ক কক্স তার শিষ্যদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট। তিনি বলেন, ‘ছেলেরা পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবল খেলেছে। গ্রুপ পর্বে আমরা ভারতের সঙ্গে সমানে সমান লড়াই করেছি এবং সেমিফাইনালে নেপালের বিপক্ষে ছেলেরা দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে। ভারতের শক্তি সম্পর্কে আমরা অবগত, তবে আমরা আমাদের নিজস্ব গেমপ্ল্যান নিয়ে আত্মবিশ্বাসী।ফাইনালের জন্য দল পুরোপুরি প্রস্তুত।’

দলের অন্যতম ডিফেন্ডার মিঠু চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘ফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় অর্জন, তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। আমরা মাঠে আমাদের শতভাগ উজাড় করে দেব। দেশের মানুষের সমর্থন ও দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।

শিরোপা জয়ে দৃঢ়প্রতিজ্ঞ দলের অধিনায়কও। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। পুরো দল এখন উজ্জীবিত এবং মানসিকভাবে চাঙ্গা। আমাদের একটাই লক্ষ্য—মাঠে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফেরা। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে দুই দল। নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়। এরপর গ্রুপ পর্বে দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে তীব্র লড়াইয়ের পর ১-০ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ফলে আরও একবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী।

এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামের দিকে। স্নায়ুচাপ সামলে ভারতের বিপক্ষে জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মুকুট ঘরে তুলতে পারে কি না, সেই অপেক্ষায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS