প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা

প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। তারা দলীয় প্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে সাক্ষাতের আশায় অবস্থান করছেন।

এর আগে, শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS