সড়ক দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী কালিয়ার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী কালিয়ার মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নিউজ প্রেজেন্টার এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। তিনি ভারতের রাজস্থানের জয়পুরভিত্তিক শোবিজের বিভিন্ন মাধ্যমে কাজ করতেন।  

গত ২৩ মার্চ রাতে জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কালিয়া। মৃত্যুকালে মাত্র ৩০ বছর বয়স হয়েছিল।তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি ও সহকর্মীদের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে শিপ্রা পথ রোডে সড়ক দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কালিয়া। এ সময় হঠাৎ করেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়।

দুর্ঘটনাস্থলের সিসিটিভ ফুটেজে দেখা গেছে, ডিভাইডারে ধাক্কার পর গাড়িটি বাম দিকে উল্টে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ি সোজা করে অভিনেত্রীকে উদ্ধার করেন। পরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

জানা গেছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে কালিয়ার। এ ঘটনায় ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেত্রীর গাড়ি অতিরিক্ত গতিতে ছিল, নাকি অন্য কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করছিল- সেসব খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মডেলিং, উপস্থাপনা ও অভিনয়- সব মাধ্যমেই বেশ পরিচিতি লাভ করেছিলেন হর্ষিল কালিয়া। ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ দেখা গেছে।এতে অনুপ্রিয়া গোয়েঙ্কা, জশপাল শর্মা, সাহিল ভাইদ ও ভৎসল শেঠের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী। এমনকি একাধিক রাজস্থানি মিউজিক ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কালিয়া। ‘মিস দিভা রাজস্থানি ২০২১’ এবং ‘মিস পিঙ্ক সিটি’ রিয়েলিটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS