রাজস্থান ফ্র্যাঞ্চাইজি বিক্রি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্নের পরিবার

রাজস্থান ফ্র্যাঞ্চাইজি বিক্রি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্নের পরিবার

শেন ওয়ার্ন শুধু বল হাতে জাদুকরই ছিলেন না, মাঠের বাইরেও ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন পরিকল্পনাকারী। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হওয়ার সময়ই এমন একটি চুক্তির ধারা যুক্ত করেছিলেন, যার সুফল পাচ্ছে তার পরিবার প্রায় দুই দশক পর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে ১৬৩ কোটি মার্কিন ডলারে (প্রায় ১৫ হাজার ২৯০ কোটি রুপি) বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। এই বিক্রির পরই কার্যকর হয়েছে ওয়ার্নের সেই চুক্তির শর্ত।

২০০৮ মৌসুমের আগে রাজস্থান রয়্যালস ওয়ার্নকে দলে ভেড়ায় শুধু অধিনায়ক হিসেবেই নয়, পুরো ক্রিকেট পরিচালনার দায়িত্ব দিয়েও। সেই চুক্তির অংশ হিসেবে প্রতি বছর খেলার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজিটির ০.৭৫ শতাংশ মালিকানা পান।

দ্য হেরাল্ড সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, ‘চুক্তির অংশ হিসেবে তারা আমাকে অধিনায়ক, কোচ এবং আমার মতো করে দল পরিচালনার দায়িত্ব দেয়। আমি ছিলাম পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দু।’

রাজস্থানের হয়ে চার মৌসুম খেলেন ওয়ার্ন। প্রথম আসরেই দলকে শিরোপা জেতান তিনি। ফলে তার মালিকানার অংশ দাঁড়ায় মোট ৩ শতাংশ।

বর্তমানে ১৬৩ কোটি ডলারে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হওয়ায় ওয়ার্নের এই অংশের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।

২০২৬ আইপিএল মৌসুম শেষে ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করে অর্থ গ্রহণ করতে পারবে। তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে ইমার্জিং মিডিয়া, মনোজ বাদালের নেতৃত্বে মাত্র ৬ কোটি ৭০ লাখ ডলারে রাজস্থান রয়্যালস কিনেছিল।

দুঃখজনকভাবে, ২০২২ সালে মৃত্যুবরণ করা ওয়ার্ন নিজে এই মুহূর্তটি দেখে যেতে পারেননি। তবে প্রায় ১৮ বছর আগে নেওয়া তার সিদ্ধান্ত এখন তার পরিবারের জন্য বড় আর্থিক সুফল বয়ে আনছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS