বহুদিন ধরে কর্তৃপক্ষের অবহেলায় জীবনহানি ঘটেই যাচ্ছে: মির্জা ফখরুল

বহুদিন ধরে কর্তৃপক্ষের অবহেলায় জীবনহানি ঘটেই যাচ্ছে: মির্জা ফখরুল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক প্রকাশ ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং এখন পর্যন্ত অধিকাংশ যাত্রীর কোনো হদিস না পাওয়ায় দেশব্যাপী জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।বহুদিন ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে জীবনহানি ঘটেই যাচ্ছে। এসব দুর্ঘটনার বিষয়ে আগে থেকে সজাগ ও সতর্ক থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি এড়ানো যেত।

তিনি আরও বলেন, নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার কাজ অতি দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, প্রাণহানিসহ ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। এ দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যায়।

এসময় পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য যাত্রীদের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS