মোদিসহ অভিনন্দন বিশ্বনেতাদের

মোদিসহ অভিনন্দন বিশ্বনেতাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন ও চীনা দূতাবাস।

গতকাল দুপুরে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।পরে সমাজমাধ্যম এক্সে করা পোস্টে তিনি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমি শুভেচ্ছা ও সমর্থন জানাই। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী, যাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন গভীর, সেই দুই দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ভারতের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব।’

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অভিনন্দন জানিয়ে এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই; যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।

এক্সে পৃথক পোস্টে আসিফ আলী জারদারি বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে। ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এ অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা গড়ে তুলতে সহায়ক হবে।’

ফেসবুকে দেওয়া পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেন, ‘অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে থাকার পরও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে একটি স্পষ্ট রায় দিয়েছে। রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমার প্রিয় বন্ধু মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।’

ফেসবুকে দেওয়া পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একইসঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে তারেক রহমানকে ‘আমার ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন সীমান্তঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

এক বার্তায় বাংলাদেশের জনগণ ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। এতে বলা হয়, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় আছি।’

অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল এবং মসৃণ সাধারণ নির্বাচন হয়েছে। এ নির্বাচনে জয়লাভের জন্য বিএনপিকে অভিনন্দন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, নির্বাচনে জয়লাভের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে। এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান এবং বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছি।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনী জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন এবং দেশের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। অর্থনৈতিক বৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তাসহ সাধারণ অগ্রাধিকারগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করার জন্য প্রস্তুত যুক্তরাজ্য।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS