নতুন কোনো ছবির শুটিংয়ের খবরে নেই শবনম বুবলী। তবে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভালোবাসা দিবসে একগুচ্ছ স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই ঢালিউড তারকা বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বুবলী সম্পর্কে কিছু তথ্য—
আজ রোববার ভালোবাসা দিবসের দুপুরে চিত্রনায়িকা শবনম বুবলী একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।’

এদিকে বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে বিনোদন অঙ্গনে একটা গুঞ্জন, তিনি আবার মা হচ্ছেন। তবে এ নিয়ে তিনি নিজে থেকে কোনো ধরনের কথা বলছেন না। যখনই সংবাদমাধ্যমের সামনে আসেন, বিষয়টি এড়িয়ে চলেন।

শবনম বুবলীর পোস্ট করা স্থিরচিত্রটি ঘণ্টা দুয়েকের মধ্যে সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে শ পাঁচেক। কেউ কেউ লিখেছেন, ‘বসন্ত এলে মনও নতুন করে রং ছড়ায়—ফুলের ঘ্রাণে, রোদ্দুরের ছোঁয়ায় আর হাসির উচ্ছ্বাসে ভরে উঠুক তোমার প্রতিটা দিন।’ সাদেক হোসেন খোকা নামের একজন লিখেছেন, ‘বসন্তের রং যেন সবার জীবনে সুখ, শান্তি আর নতুন স্বপ্নের বার্তা বয়ে আনে, ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক প্রতিটা দিন।’

বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার শুটিং করছেন না শবনম বুবলী। গত বছরের নভেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমার একটা লটের শুটিং করার কথা ছিল এরই মধ্যে। কিন্তু আপাতত শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি।

ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জানা গেছে, ঢাকাবাসীর নবজাতক আগমনের নানা উৎসব ও কালচার থাকবে এ ছবিতে। মেয়েদের নাক-কান ফোঁড়ানো থেকে ছেলেদের সুন্নতে খতনা অনুষ্ঠান, মাজার শরিফ জিয়ারতসহ শিয়াদের হোসেনি দালানের বৈচিত্র্যময় অধ্যায়—সব নিয়েই ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের গল্প।

শবনম বুবলী এরই মধ্যে রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিংও করেছেন। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন সজলের বিপরীতে। ঢাকার অদূরে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে বুবলী এ ছবির শুটিং করেন। দুটি গান ছাড়া এ ছবির পুরো শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।

গত বছরের ঈদে ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ।

আগামী ঈদে শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।

এর বাইরে ‘পুলসিরাত’ নামে শবনম বুবলীর আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।

এদিকে দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান রাফীর সঙ্গে নতুন আরেকটি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘প্রেশার কুকার’ নামে এ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রাফীর সঙ্গে কাজ করেছেন বুবলী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রেশার কুকার’ মুক্তি পাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে। এটি শুধু একটি সিনেমার মুক্তিই নয়; বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ উপলক্ষ। কারণ, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা সর্বশেষ ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।