ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী মো. আমিনুল হক। তিনি নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে।
আমিনুল হক অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং কোথাও কোথাও ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়া গেছে।১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিসাইডিং অফিসারদের সরবরাহ করা ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে বড় ধরনের গরমিল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে আমিনুল হক বলেন, এ ক্ষেত্রে সেই দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটেছে। সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় তিনি আরপিওর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।