কেপিআই-ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের একজন আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।
মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা শহরের অত্যন্ত জনপ্রিয়, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে ডিএমটিসিএল।
কেপিআই ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপরাধে ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের একজন আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।