প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাক্ষাৎ করেছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণ করেন।
পেশাদার এ বাহিনীটিকে আরও শক্তিশালী করতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসাও করেন সরকারপ্রধান।
একই সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পরে প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।১৯৮৬ সালের ১ জুলাই তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এছাড়া তিনি নৌ সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), নৌ অপারেশনস ও নৌ গোয়েন্দা পরিচালক এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।