বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন)। দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।
ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।’
লাখ লাখ ডলারের বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও, নিজের বিয়ের আয়োজন রেখেছেন একেবারেই ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়েতে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও ন্যুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশার গাউন। অন্যদিকে, মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।
জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে। পরে সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করেন মিস্টার বিস্ট। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।
সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর শেষ না করা পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন তারা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল।