ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন এবং ক্রিকেট মাঠের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দুই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই উদ্যোগ বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের ধারাবাহিক প্রচেষ্টা ও তৎপরতার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বাংলানিউজকে জানান, আমার নির্বাচনের (ডাকসু) অন্যতম প্রধান ইশতেহার ছিল মাঠের উন্নয়ন। নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে প্রশ্ন ওঠে মাঠের সংস্কারে কী করেছি। আলহামদুলিল্লাহ, বিসিবির কাছ থেকে সহায়তা পেয়ে আমি খুব খুশি। শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।কাজটা সম্পন্ন করতে পারলে বলতে পারব শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরেছি।
ডাকসু নির্বাচনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার পরিবেশ উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সেন্ট্রাল ফিল্ড সংস্কারের কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও ব্যবহারবান্ধব ক্রীড়া কেন্দ্রে রূপ নেবে।