পাকিস্তানের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, আইসিসির কঠোর পদক্ষেপের আভাস

পাকিস্তানের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, আইসিসির কঠোর পদক্ষেপের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) যুগ্ম সচিব প্রাভতেজ সিং ভাটিয়া। তার মতে, এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনের মৌলিক মূল্যবোধের সঙ্গেই সাংঘর্ষিক। একই সঙ্গে তিনি মনে করছেন, বিষয়টি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে দল পাঠাবে না তারা।

ভাদোদরায় বৃহস্পতিবার রাতে উইমেনস প্রিমিয়ার লিগের ফাইনাল চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাভতেজ সিং ভাটিয়া বলেন, ‘এটা ক্রীড়াসুলভ আচরণের সম্পূর্ণ বিপরীত। পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত ভুল। আমি বিশ্বাস করি, আইসিসি এ বিষয়ে খুব কঠোর পদক্ষেপ নেবে।আমরা এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।’

ম্যাচ বর্জনের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই সম্ভাব্য পরিণতি সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করে আইসিসি। একই সঙ্গে সিদ্ধান্তটি নতুন করে ভাবতে অনুরোধ জানানো হয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে।

ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে যে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়বে আইসিসি, তা আগেই স্পষ্ট।

সেই ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর জরিমানা আরোপ বা আইসিসির রাজস্ব থেকে তাদের প্রাপ্য অংশ কমিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন আলোচনা চলছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। আরও কিছু শাস্তিমূলক ব্যবস্থার কথাও শোনা যাচ্ছে।

আইসিসি ঠিক কী ধরনের শাস্তি দিতে পারে? এমন প্রশ্নে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি প্রাভতেজ। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এখানে বসে সম্ভাব্য শাস্তি নিয়ে আলোচনা করা ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, আইসিসি অবশ্যই এমন সিদ্ধান্ত নেবে, যা উদাহরণ হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS