যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যকার সপ্তম দফার আলোচনার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) লেবাননের এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, এবারের আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের রূপরেখা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পন্ন করা এবং সীমান্তবর্তী এলাকায় লেবানন সেনাবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলা এই আলোচনা প্রক্রিয়ার প্রথম পাঁচ দফা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।এরপর ইতালির রাজধানী রোম দ্বিতীয়বারের মতো এই আলোচনার আয়োজক হয়েছে।
তবে আলোচনা চললেও বৈরুত ও টায়ারের আকাশসীমা লঙ্ঘন, দক্ষিণ লেবাননে বিমান হামলা এবং গোলাবর্ষণসহ ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিব একটি রূপরেখা চুক্তিতে সই করে। ওই চুক্তি অনুযায়ী, লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।নির্ধারিত কয়েকটি এলাকায় পরীক্ষামূলক মডেল বাস্তবায়নের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
এদিকে গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি