যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার।
সোমবার (২০ জুলাই) রাজপ্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেন, ‘আমার কাজ শেষ।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মানের’ বিষয় বলে উল্লেখ করেন স্টারমার।
বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেন, গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
স্টারমার বলেন, তার সময়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে, জনসেবার মান উন্নত হয়েছে, অনেক শিশুকে দারিদ্র্য মুক্ত করা গেছে, অভিবাসন কমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সুনামও অনেক বেড়েছে।
“আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের মূল্যবোধের কারণেই শত্রুরা আমাদের বিভক্ত করতে সবকিছু করতে প্রস্তুত”—উল্লেখ করে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ব্রিটেনের শক্তি ও সাফল্যের দিকগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।