এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা ২৪’র গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। যদিও অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেওয়া।
সোমবার (০৯ মার্চ) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির ফেনী জেলা কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।
মুজিবুর রহমান মঞ্জু এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতপুষ্ট আচরণ, নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদকে আদালতে নেওয়া হয়েছে।এ সনদকে প্রশ্নবিদ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদক্ষেপ ২৪’র গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে।