ভারতীয়দের হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের

ভারতীয়দের হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে এক রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। 

গত ১১ বছরে এটি কিউইদের পঞ্চম আইসিসি সাদা বলের ফাইনাল। বারবার শিরোপার কাছাকাছি গিয়েও খালি হাতে ফেরা নিউজিল্যান্ড এবার ট্রফি খরা কাটাতে মরিয়া।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যান্টনার জানান, ভারত ফেভারিট হলেও তারা মোটেও বিচলিত নন।বরং ভারতের মাটিতে ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দিতে প্রস্তুত তার দল। 

স্যান্টনার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমরা জানি সবাই আমাদের আন্ডারডগ ভাবছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যদি ছোট ছোট পরিকল্পনাগুলো ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি, তবে ট্রফি জেতার ভালো সুযোগ থাকবে। আর সেজন্য যদি কোটি কোটি ভারতীয়র হৃদয় ভাঙতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।

আহমেদাবাদের পিচ ব্যাটিং সহায়ক হবে ধরে নিয়ে স্যান্টনার জানান, জাসপ্রিত বুমরাহ ভারতের মূল গেম-চঞ্জার হতে পারেন। তবে শুধুমাত্র একজনের ওপর ফোকাস না করে পুরো ভারতীয় ব্যাটিং লাইনআপকে শুরুতেই চেপে ধরার পরিকল্পনা করছে কিউইরা। বিশেষ করে পাওয়ার প্লে-তে উইকেট তুলে নিয়ে রান তোলার গতি নিয়ন্ত্রণ করাই হবে তাদের মূল লক্ষ্য।

অনুশীলন সেশনেও কিউইদের আগ্রাসী মেজাজে দেখা গেছে।

ফিন অ্যালেন এবং টিম সিফার্ট দীর্ঘক্ষণ ধরে বড় শট খেলার প্র্যাকটিস করেছেন। ভারতের কাছে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও, আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের ধারাবাহিকতা ভারতকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS