২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে হঠাৎ করেই তৈরি হয়েছে চরম অস্থিরতা। দেশটির পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে সেনাবাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস (যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত) নিহত হওয়ার পর দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আসন্ন বিশ্বকাপের ওপর।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪টি ম্যাচ আয়োজনের কথা ছিল জালিস্কোর রাজধানী গুআদালাহারাতে।
এই ভেন্যুতে স্পেন, কলম্বিয়া, উরুগুয়ে এবং আয়োজক মেক্সিকোর মতো বড় দলগুলোর ম্যাচ খেলার কথা রয়েছে। কিন্তু ‘এল মেনচো’র মৃত্যুর পর জালিস্কোসহ বিভিন্ন রাজ্যে গাড়ি পোড়ানো এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। স্থানীয় নিরাপত্তা জটিলতায় ইতোমধ্যে মেক্সিকোর ঘরোয়া ফুটবলের চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
মেক্সিকোর এই অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। এয়ার কানাডা, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো জালিস্কোর ফ্লাইট বাতিল করেছে। মেক্সিকো সিটি এবং মন্তের্রেতে সহিংসতার প্রভাব কিছুটা কম থাকলেও পুরো দেশটির নিরাপত্তা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দেশটির নিরাপত্তা বাহিনী।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার চেষ্টা চলছে।
তবে ফিফা এবং আয়োজক কমিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও, নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্বকাপের মেক্সিকো পর্ব নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।