২০২৭ থেকে ২০৩২ মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ড. হানান হাসান বালখির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব।
ড. হানান বালখির জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে ব্যাপক বৈজ্ঞানিক ও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক-তিন স্তরেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া এবং সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে।
কর্মজীবনে ড. বালখি জনগোষ্ঠীর সুরক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সৌদি আরব জানিয়েছে, ড. বালখিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া এবং সদস্য দেশগুলোর প্রয়োজন মেটাতে সংস্থাটির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখতে চায় তারা।একই সঙ্গে স্বাস্থ্য খাতে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি জোরদার এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ও মানুষের কল্যাণে কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।
সৌদি আরব মনে করে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং দেশগুলোকে আরও কার্যকর, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়তার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া বহুপক্ষীয় স্বাস্থ্য সহযোগিতায় সৌদি আরবের দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন ঘটেছে এই মনোনয়নে। স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধ, প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করা, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরব সক্রিয়ভাবে অবদান রাখতে চায়। এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি।
সূত্র: সৌদি গেজেট