রেসিং ট্র্যাকে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অজিত!

রেসিং ট্র্যাকে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অজিত!

রেসিং ট্র্যাক যেন বারবারই পরীক্ষা নিচ্ছে ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমারের। ফের ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন এই অভিনেতা।

ইউরোপে একটি উচ্চগতির এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাত ছিল বেশ জোরালো।তবে স্বস্তির খবর, বড় ধরনের কোনো আঘাত পাননি অজিত। নিরাপদেই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি।

সূত্রের খবর, ইউরোপে অনুষ্ঠিত এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন অজিত। প্রতিযোগিতা চলাকালে হঠাৎ তার রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।অভিযোগ উঠেছে, রেস চলার সময় গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

তবে ভয়াবহ সেই মুহূর্তের পর অজিতকে নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানা গেছে।

অজিত কুমারের সঙ্গে মোটরস্পোর্টসের সম্পর্ক অবশ্য নতুন নয়। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই পেশাদার রেসিংয়ে যুক্ত তিনি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতারও প্রমাণ দিয়েছেন এই অভিনেতা।

ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রেভেন্টিক ২৪ আওয়ার সিরিজ, জিটি৪ ইউরোপিয়ান সিরিজসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অজিত।

চলতি বছরও আন্তর্জাতিক রেসিংয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। মার্চে মুগেল্লোর ১২ ঘণ্টার রেসে অংশ নিয়েছিল তার দল। প্রতিযোগিতা শেষে নবম স্থানে ছিল দলটি। এরপর স্পা ও পল রিকার্ডের ১২ ঘণ্টার রেসেও অংশ নেন অজিত।

মোটরস্পোর্টসের প্রতি অজিতের ভালোবাসা এতটাই গভীর যে নিজের একটি রেসিং দলও গড়ে তুলেছেন তিনি। ‘অজিত কুমার রেসিং’ নামের সেই দল আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ফলে অজিতের কাছে রেসিং শুধুমাত্র অবসরের শখ নয়; বরং এটি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি পেশাদার ক্ষেত্র। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি নিয়মিত রেসিংয়ে অংশ নেওয়াই তার সেই আগ্রহের বড় প্রমাণ।

রেসিংয়ের প্রতি অজিতের ভালোবাসার পাশাপাশি এই খেলায় তার দুর্ঘটনার অভিজ্ঞতাও কম নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজ চলাকালে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও বড় কোনো আঘাত ছাড়াই দুর্ঘটনা থেকে বেরিয়ে আসেন তিনি।

একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জ চলাকালে আরও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেতা। প্রতিযোগিতার সময় তার গাড়ি দুবার উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে। সেখান থেকেও অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন অজিত।

এবার ইউরোপের রেসিং ট্র্যাকে ফের দুর্ঘটনা। তবে প্রতিবারের মতো এবারও ভাগ্য সহায় হয়েছে অজিতের। ভয়ংকর সংঘর্ষের পরও বড় কোনো আঘাত ছাড়াই নিরাপদে ফিরেছেন দক্ষিণী সিনেমার এই তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS