নারীদের জন্য সিলিন্ডার ফ্রি, বাস ভাড়াও মওকুফ করলেন বিজয়

নারীদের জন্য সিলিন্ডার ফ্রি, বাস ভাড়াও মওকুফ করলেন বিজয়

নারীদের জন্য একের পর এক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ বহন, সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা আরও সম্প্রসারণ এবং চেন্নাইয়ের প্রস্তাবিত পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দেন।

‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে।এতে প্রায় এক কোটি ৩০ লাখ পরিবার সুবিধা পাবে বলে জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বছরে চার হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে।

বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পরিবার এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার এই সুবিধার আওতায় আসবে। উপভোক্তারা প্রথমে গ্যাসের সিলিন্ডার কিনবেন, পরে কেনার প্রমাণপত্রের ভিত্তিতে সেই অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর রান্নার জ্বালানির খরচে বড় ধরনের সুরাহা হবে।

নারীদের জন্য গণপরিবহণেও বড় সুবিধা বাড়ানো হয়েছে। এতদিন রাজ্যের সাধারণ সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকলেও এবার আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুলসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসেও নারীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে যাতায়াতের সংখ্যার ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না।

এদিকে চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের জন্য পরন্দুরে নেওয়া প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ত। চেন্নাইয়ের জন্য নতুন বিমানবন্দরের প্রয়োজন থাকলেও কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয় এমন বিকল্প স্থান খুঁজে বের করার কথা জানিয়েছেন তিনি।

একসঙ্গে রান্নার গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের জন্য গণপরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষায় পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে বিজয় সরকারের বড় জনমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারপক্ষ বলছে, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমাতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS