News Headline :
নাইজেরিয়ায় নৌকাডুবি, প্রাণ গেল ৫২ জনের

নাইজেরিয়ায় নৌকাডুবি, প্রাণ গেল ৫২ জনের

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বড় একটি অংশ ছিলেন কৃষক ও শ্রমিক।ধানক্ষেতে কাজ করতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গোরোনিও এলাকার গৌরাউ শহরের কাছে একটি নৌপথে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেন। সোকোতো শাখার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (নেমা) প্রধান তুকুর আবুবকর শুক্রবার সকালে জানান, উদ্ধার অভিযান শেষে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এর আগে ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (নিওয়া) সোকোতো ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।নৌকাটিতে মূলত ধানক্ষেতে কাজ করতে যাওয়া কৃষক ও শ্রমিকরা ছিলেন।

সোকোতো স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (সেমা) মুখপাত্র আবদুল্লাহি ঘানি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ-তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকাটিতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ছিলেন। তাদের ভাষ্য, দুর্ঘটনার সময় নৌযানটিতে অন্তত ৭০ জন যাত্রী থাকতে পারেন।

নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপথে নৌদুর্ঘটনা নতুন নয়। দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি এবং নৌযান পরিচালনায় যথাযথ নিয়ম না মানার কারণে প্রাণহানির ঘটনা ঘটে।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কৃষিকাজ ও দৈনন্দিন জীবিকার প্রয়োজনে নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে একটি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।

সোকোতোর সর্বশেষ দুর্ঘটনাতেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল কি না, সেটি এখন তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত ও প্রকৃত যাত্রীর সংখ্যা নিশ্চিত হওয়ার পর প্রাণহানির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS