গুলশানের আজাদ মসজিদ এলাকায় দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে স্লোগান ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ভৈরব উপজেলা নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক কে এম মফিজুর রহমান। আসামিপক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে গুলশান থানাধীন আজাদ মসজিদসংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে আসামি প্রত্যয় তার সহযোগীদের নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন।এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্টের গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গে জড়িত।ওই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা করার পরিকল্পনা এবং গোপন বৈঠকের অভিযোগ রয়েছে।