ইডির জেরার মুখে নিধি, অপরাধ কী নায়িকার?

ইডির জেরার মুখে নিধি, অপরাধ কী নায়িকার?

বেআইনি বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন ভারতীয় বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের নাম।

বুধবার (১৯ আগস্ট) হায়দ্রাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হন অভিনেত্রী। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে ইডি কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।

জানা গেছে, বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার সংক্রান্ত চলমান একটি তদন্তের অংশ হিসেবে নিধিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, একাধিক তারকা ও সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সার নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার করেছিলেন।এসব প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের ওই প্ল্যাটফর্মগুলোতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল কি না, সেটিই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে এই মামলায় নিধি আগরওয়ালের জিজ্ঞাসাবাদ এবারই প্রথম নয়।এর আগে একই মামলায় হায়দ্রাবাদ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছেও হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে তার উপস্থিতি তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

জানা গেছে, ব্যবসায়ী পি এম ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে এই তদন্তের সূত্রপাত। তার অভিযোগ ছিল, তারকা ও সামাজিকমাধ্যমে পরিচিত ব্যক্তিদের ব্যবহার করে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার চালানো হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে হায়দ্রাবাদের মিয়াপুর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে তদন্তে বিনোদন জগতের একাধিক পরিচিত নাম উঠে আসে।

তদন্তকারীরা মূলত জানতে চাইছেন, সংশ্লিষ্ট তারকারা কীভাবে এসব অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কী ধরনের যোগাযোগ ছিল এবং প্রচারের বিনিময়ে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছিল কি না- সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

বেআইনি জুয়া বা বেটিং প্ল্যাটফর্মের প্রচারের অভিযোগের পাশাপাশি এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

নিধি আগরওয়ালের ক্ষেত্রে ইডির জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। তবে জিজ্ঞাসাবাদে হাজির হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS