শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন সম্পূর্ণ প্রস্তুত।দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এই হলটিতে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS