বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এফবি বরকত নামে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২১ আগস্ট দুপুর ১টার দিকে পাথরঘাটা থেকে যৌথ মালিক মো. আশরাফ আলী ও মো. বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকত ১৩ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।এ সময় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম (৪০), কাওসার (৩০), ইব্রাহিম মাঝি (২৮), সাইকুল (৩০) ও বেল্লাল (২২)।তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার গহরপুর, হাড়িটানা ও বাদুরতলা এলাকায়।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে প্রচণ্ড ঝড় ও ঢেউ চলছিল।হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে ৮ জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচেন।

ট্রলারের মালিক ও মাঝি মো. বাদল মোল্লা বলেন, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। একটি ট্রলার মরদেহগুলো নিয়ে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

দুর্ঘটনার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে দ্রুত একটি ট্রলার পাঠানো হয়। পরে নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধারের খবর পাই। তাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, লাশ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় সাগর থেকে কূলে নিয়ে আসা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS