২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো বাফুফে – আসিয়ান কাপের প্রস্তুতি

২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো বাফুফে – আসিয়ান কাপের প্রস্তুতি

আসন্ন ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (২৫ আগস্ট) স্কোয়াড ঘোষণা করা হয়।আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।

প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবারের মধ্যেই ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে ক্যাম্পের প্রথম দিন থেকেই পুরো স্কোয়াড পাচ্ছেন না দলের প্রধান কোচ থমাস ডুলি। দেশের বাইরে থাকা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী ও জায়ান আহমেদ পরে দলের সঙ্গে যোগ দেবেন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের উদ্বোধনী আসর। টুর্নামেন্টে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ।গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। মূলত আগামী নভেম্বর (৪-১৭ নভেম্বর) ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে এই আসরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

সদ্য ঘোষিত দলে নতুন কোনো চমক নেই। গত জুনে সান মারিনোর বিপক্ষে খেলা স্কোয়াডের ওপরই আস্থা রেখেছেন আমেরিকান কোচ ডুলি। এ বিষয়ে তিনি বলেন, ‘আগের স্কোয়াডের সবাই এই দলে আছে। আমরা যাদের নিয়ে শুরু করেছিলাম, তারা সবাই থাকছে।’

প্রথম দিনের অনুশীলন নিয়েও কোচের ভাবনা কিছুটা ভিন্ন। কোনো রুদ্ধদ্বার কৌশলগত অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ও মানিয়ে নেওয়ার ওপরই বেশি জোর দিচ্ছেন তিনি। ডুলির ভাষায়, ‘প্রথম দিনের অনুশীলনে আমরা যদি একটু নিজেদের মতো থাকতে পারি, তবে ভালো হয়। এতে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করাটা সহজ হবে।’

এদিকে, জাতীয় দলের সাপোর্ট স্টাফ এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে দুই বিদেশি সহকারী কোচের মধ্যে একজন ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। বর্তমানে তার সঙ্গে একজন দেশি সহকারী কোচ কাজ করছেন। খেলোয়াড়দের ফিটনেস ও চোট সামলাতে আরও একজন ফিজিওথেরাপিস্ট ও একজন ফিটনেস ট্রেনার যুক্ত করার কথা রয়েছে। তবে ক্যাম্পের প্রথম দিনে কোচিং প্যানেলের সবাইকে একসঙ্গে পাওয়া নাও যেতে পারে।

একনজরে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ কিরমানি, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS