টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশের তরুণদের দল।
ডিএক্সসি অ্যারেনায় আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। দলের হয়ে থমাস কেলি ২০ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।বাংলাদেশের বোলারদের মধ্যে আবদুল গাফফার সাকলাইন ছিলেন সবচেয়ে সফল। ২১ রান দিয়ে তিনি শিকার করেন চার উইকেট।মোহাম্মদ রুবেলও বল হাতে ছিলেন দারুণ। তিনি ৩০ রান দিয়ে নেন তিন উইকেট।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে এইচপি। প্রথম বলেই জিসান আলমকে হারায় তারা। হাবিবুর রহমান সোহান ১৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি।
তিন নম্বরে নামা আরিফুল ইসলাম এক প্রান্ত ধরে রেখে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। শামীম হোসেন পাটোয়ারী করেন ১৮ বলে ১৮ রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৮ বলে ৬ রান। অন্যদিকে সাকলাইনও ব্যাট হাতে গোল্ডেন ডাকের শিকার হন।
ব্যাটারদের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত ফিফটি তুলে নেন আরিফুল। তবে তার ৫৩ বলে ৬৬ রানের ইনিংসও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থামে এইচপির ইনিংস।
অ্যাডিলেডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লাচলান ব্যাংস। তিনি নেন চার উইকেট। শেষ পর্যন্ত ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।
এই হারে চার ম্যাচ শেষে টপ এন্ড টি-টোয়েন্টিতে এইচপির জয়-পরাজয়ের হিসাব দাঁড়াল ৩-১। ৬ পয়েন্ট নিয়ে তারা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।