আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় ফুটবল দলের ক্যাম্পে নতুন কোনো চমক থাকছে না। সান মারিনোর বিপক্ষে খেলা জাতীয় দলের তাঁবুতে থাকা পুরোনো ও অভিজ্ঞ ২৮ জন ফুটবলারকে নিয়েই আগামী মিশনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি।
বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন স্কোয়াড নিয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধান কোচ। ২৮ সদস্যের এই স্কোয়াডে নতুন কোনো খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে সোজাসাপ্টা উত্তরে ডুলি বলেন, ‘না, কোনো নতুন মুখ নেই।ক্যাম্পের শুরু থেকে আমরা যাদের নিয়ে ফুটবল খেলে আসছি, স্কোয়াডের সবাই তারাই।’ অর্থাৎ, অচেনা কাউকে পরীক্ষা-নিরীক্ষা না করে চেনা ছক ও পরিচিত পারফরমারদের ওপরই আস্থা রাখছেন তিনি।
স্কোয়াড অপরিবর্তিত থাকলেও সাপোর্ট স্টাফ প্যানেলে কিছু পরিবর্তন আনছেন ডুলি। চোট সমস্যা সামলে খেলোয়াড়দের ফিট রাখতে এই ক্যাম্পে নতুন একজন ফিজিওথেরাপিস্ট এবং ফিটনেস কোচ যুক্ত হচ্ছেন।এ ছাড়া কোচিং প্যানেলে বিদ্যমান বিদেশি সহকারীদের সঙ্গে একজন স্থানীয় সহকারী কোচকেও রেখে ভারসাম্য রক্ষা করতে যাচ্ছেন তিনি।
ক্যাম্পের শুরুতেই খেলোয়াড়দের মনোসংযোগ ধরে রাখতে প্রথম দুই-তিন দিন সংবাদমাধ্যম থেকে কিছুটা দূরে থেকে নিভৃতে অনুশীলন সেশন সারতে চান ডুলি। স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রতিশ্রুতি এবং সেরা অনুশীলনের মাধ্যমে পুরো টিমকে একটি শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোই এখন প্রধান কোচের মূল লক্ষ্য।