এশিয়ান গেমসের প্রস্তুতিতে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আসন্ন ২০তম এশিয়ান গেমস-২০২৬ (আইচি-নাগোয়া) সামনে রেখে বাংলাদেশ ও ভুটান জাতীয় আরচারি দলের মধ্যে দুই দিনব্যাপী বিশেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ আগস্ট টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে (এটিএ) এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের আমন্ত্রণে সফর ও টুর্নামেন্টে অংশ নিতে ১০ সদস্যের ভুটান প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। দলটিতে রয়েছেন সাতজন আরচার-ছয়জন পুরুষ ও একজন নারী; দুইজন কোচ-একজন পুরুষ ও একজন নারী; এবং একজন কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার)।

ভুটান অলিম্পিক কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক আসরের প্রতিযোগিতামূলক চাপ সামলানো এবং মেগা ইভেন্ট এশিয়ান গেমসের আগে নিজেদের কারিগরি দক্ষতা ও মানসিক প্রস্তুতি যাচাই করাই এই সফরের প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক অঙ্গন ও এশিয়া কাপের সাম্প্রতিক আসরগুলোতে বাংলাদেশের আরচারদের ধারাবাহিক সাফল্য ভুটান দলের এই সফরকে বাড়তি গুরুত্ব দিয়েছে।চলতি বছর আন্তর্জাতিক মঞ্চে ভুটানের মুখোমুখি হয়ে সাফল্য পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে উভয় দেশের আরচাররা এই আয়োজনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রত্যাশা, দুই দেশের মধ্যকার এই প্রীতি টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের অভিজ্ঞতাই বাড়াবে না, বরং বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ক্রীড়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে আসন্ন এশিয়ান গেমসের মূল পর্বে সেরা ফলাফল অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS