জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

কাজের চেয়ে নানা বিতর্ক ও আলোচনাতেই যেন বেশি খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবারও তার ব্যতিক্রম হলো না।মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের আসনে বসে এমন এক পোশাকে হাজির হলেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই তৈরি করেছে তুমুল আলোচনা।

অনুষ্ঠানের মঞ্চে উর্বশীর পরনে ছিল ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি বিশেষ এক পোশাক।পোশাকে স্পষ্টভাবে ফুটে উঠেছিল ভারতের পতাকার গেরুয়া, সাদা ও সবুজ- এই তিন রং। আর মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্রের নকশা।সঙ্গে সোনালি ঝালরের কারুকাজ পোশাকটিকে দিয়েছে আরও জাঁকজমকপূর্ণ আবহ।

অফ-শোল্ডার এই বিশেষ পোশাকের সঙ্গে উর্বশীর সাজেও ছিল আভিজাত্যের ছাপ।বড় আকারের হীরার কানের দুল, রুপালি চুড়ি এবং নজরকাড়া আংটিতে সাজ সম্পূর্ণ করেন তিনি।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। একদল নেটিজেন প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকার রং, নকশা ও অশোকচক্রকে পোশাকে ব্যবহার করা কতটা যথাযথ? তাদের মতে, জাতীয় প্রতীকের এমন ব্যবহার অসম্মানজনক বলেও বিবেচিত হতে পারে।

অন্যদিকে উর্বশীর পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। তাদের দাবি, পোশাকটির মাধ্যমে অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংস্কৃতি, পরিচয় ও জাতীয় গৌরব তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে সমালোচনা আর প্রশংসা- দুইয়ে মিলে সামাজিক মাধ্যমে বেশ সরগরম হয়ে উঠেছে উর্বশীর পোশাক।

তবে বিতর্কের মধ্যেই নিজের পোশাকের উদ্দেশ্য স্পষ্ট করেছেন উর্বশী। অভিনেত্রীর ভাষ্য, তিনি আগেই বলেছিলেন ‘আমিই ভারত’। সেই ভাবনা থেকেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে নিজেকে ভারতের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চেয়েছেন।

উর্বশী জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ বিতর্ক তৈরি করা নয়, বরং নিজের উপস্থিতির মাধ্যমে দেশের পরিচয়কে তুলে ধরাই ছিল তার মূল উদ্দেশ্য।

এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশীর জন্য শুধু একটি ফ্যাশন বা বিচারকের দায়িত্ব পালনের অনুষ্ঠান ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল তার নিজের জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন উর্বশী রাউতেলা। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

আর এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতাই ছিলেন নির্বাচন কমিটির সদস্য। ফলে এক দশক পর একই মঞ্চে নতুন ভূমিকায় উর্বশীর উপস্থিতিতে ফিরে আসে পুরোনো সেই স্মৃতিও। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সাবেক বিজয়ী ও নিজের সেই বিশেষ মুহূর্তের কথাও স্মরণ করেন উর্বশী। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS