সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ একটি বার্তা। অপরিচিত একজন, কিন্তু কথাবার্তায় ভীষণ ভদ্র, যত্নশীল এবং আকর্ষণীয়।শুরুতে দু-একটি সাধারণ কথোপকথন, তারপর নিয়মিত যোগাযোগ। কখন যে সেই মানুষটি দিনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, টেরই পাওয়া যায় না।
কিছুদিন পর সম্পর্কটি যখন বিশ্বাসের জায়গায় পৌঁছে যায়, তখনই বদলে যেতে পারে পুরো পরিস্থিতি। ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো, সামাজিকভাবে হেয় করার হুমকি কিংবা মোটা অঙ্কের টাকা দাবি, একসময় যে সম্পর্ককে ভালোবাসা মনে হয়েছিল, সেটিই হয়ে উঠতে পারে ভয়ংকর এক ফাঁদ।
ডিজিটাল প্রতারণার এই কৌশলই পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। একসময় গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য সংগ্রহে ব্যবহৃত হলেও প্রযুক্তির প্রসারে এর ধরন বদলেছে।এখন সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ ও ভিডিও কলকে ব্যবহার করেও প্রতারকরা মানুষের আবেগ, বিশ্বাস ও ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগাচ্ছে।
শুরুতেই অতিরিক্ত ঘনিষ্ঠতা কি সতর্ক সংকেত?
নতুন কারও সঙ্গে পরিচয়ের পর স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই কেউ যদি আপনাকে নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, সারাক্ষণ যোগাযোগ রাখতে চায় কিংবা আপনাকে তার ‘সবচেয়ে কাছের মানুষ’ হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়ে ওঠে, তাহলে একটু থামা দরকার।
মনোবিজ্ঞানে অতিরিক্ত ও দ্রুত আবেগ প্রদর্শনের এই প্রবণতাকে ‘লাভ বম্বিং’ বলা হয়। এর উদ্দেশ্য সবসময় প্রতারণা নাও হতে পারে, কিন্তু অনলাইন অপরিচিত সম্পর্কের ক্ষেত্রে এটি সতর্ক হওয়ার যথেষ্ট কারণ হতে পারে।
পরিচয়ের আড়ালে আসলে কে?
অনলাইনে ব্যবহৃত ছবি, নাম কিংবা পরিচয় সবকিছুই সত্যি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই পরিচিত হওয়ার পরও যদি সেই ব্যক্তি সরাসরি ভিডিও কলে আসতে বারবার অস্বীকৃতি জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
কখনো ক্যামেরা নষ্ট, কখনো নেটওয়ার্কের সমস্যা, আবার কখনো ব্যক্তিগত বা পারিবারিক নানা কারণ দেখিয়ে ভিডিও কল এড়িয়ে যেতে পারে প্রতারক। এমনকি প্রযুক্তির সাহায্যে সম্পাদিত ভিডিও বা অন্যের পুরোনো ভিডিও ব্যবহার করেও পরিচয় গোপন রাখা সম্ভব।
তাই শুধু প্রোফাইলের ছবি বা সুন্দর কথাবার্তার ওপর ভিত্তি করে কাউকে বিশ্বাস করা নিরাপদ নয়।
মিষ্টি কথার আড়ালে তথ্য সংগ্রহ
হানি ট্র্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য জেনে নেওয়া। সম্পর্কের স্বাভাবিক আলাপের মধ্যেই প্রতারক জানতে চাইতে পারে আপনার পেশা কী, কোথায় থাকেন, আয় কেমন, পরিবারে কারা আছেন কিংবা আপনি মানসিকভাবে কতটা একা।
এই তথ্যগুলো পরে প্রতারণা বা চাপ প্রয়োগের কাজে ব্যবহার করা হতে পারে। সাইবার নিরাপত্তার ভাষায় মানুষের আচরণ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের এই পদ্ধতিকে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বলা হয়।
সম্পর্কের পরের ধাপেই বড় বিপদ
বিশ্বাস তৈরি হয়ে গেলে অনেক সময় কথোপকথন ধীরে ধীরে ব্যক্তিগত বা অন্তরঙ্গ পর্যায়ে নিয়ে যাওয়া হয়। ভিডিও কলে এমন কিছু করতে উৎসাহ দেওয়া হতে পারে, যা পরে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
ভুক্তভোগী হয়তো বুঝতেই পারেন না যে পুরো কথোপকথন বা ভিডিও গোপনে ধারণ করা হচ্ছে। এরপর শুরু হয় আসল চাপ, ‘ভিডিওটি প্রকাশ করে দেব’, ‘পরিবারকে জানিয়ে দেব’ কিংবা ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেব’, এমন হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা।
একবার টাকা দেওয়ার পর সমস্যা শেষ হয়ে যাবে, এমন ধারণা অনেক সময় ভুল প্রমাণিত হয়। বরং প্রতারক বুঝে যায়, ভয় দেখিয়ে অর্থ আদায় করা সম্ভব। ফলে দাবির পরিমাণ ও চাপ দুটোই বাড়তে পারে।
হঠাৎ কেন এত জরুরি টাকা?
অনলাইন প্রতারণায় আরেকটি পরিচিত কৌশল হলো সাজানো সংকট তৈরি করা। সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর হঠাৎ জানানো হতে পারে, পরিবারের কেউ অসুস্থ, জরুরি অস্ত্রোপচার দরকার, আইনি জটিলতা হয়েছে কিংবা কোনো বিপদে পড়েছে।
সহানুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। এমন পরিস্থিতিতে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে আগে তথ্য যাচাই করা জরুরি।
ফাঁদ এড়াতে যা করবেন
অনলাইনে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া অপরাধ নয়। তবে পরিচিতি থেকে বিশ্বাসের জায়গায় যাওয়ার আগে কিছু মৌলিক সতর্কতা মেনে চলা জরুরি।
ছবির পরিচয় যাচাই করুন। কারও প্রোফাইল ছবি সন্দেহজনক মনে হলে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যেতে পারে ছবিটি অন্য কোথাও ব্যবহৃত হয়েছে কি না। একই ছবি একাধিক নামে বা ভিন্ন পরিচয়ে ব্যবহৃত হলে সতর্ক হওয়ার কারণ আছে।
ব্যক্তিগত তথ্য সীমিত রাখুন। বাসার অবস্থান, কর্মস্থল, নিয়মিত যাতায়াতের পথ, পরিবারের সদস্যদের তথ্য, আর্থিক অবস্থা কিংবা রিয়েল-টাইম লোকেশন, অপরিচিত মানুষের সঙ্গে এসব তথ্য শেয়ার না করাই নিরাপদ।
ভিডিও কলেও সতর্ক থাকুন। পরিচিতি যতই ঘনিষ্ঠ হোক, এমন কোনো ছবি বা ভিডিও তৈরি কিংবা শেয়ার করবেন না, যা অন্যের হাতে গেলে আপনাকে সামাজিক বা ব্যক্তিগতভাবে বিপদে ফেলতে পারে।
অপরিচিত কাউকে টাকা পাঠাবেন না। আবেগপূর্ণ গল্প শুনে দ্রুত অর্থ পাঠানোর বদলে দাবিটির সত্যতা যাচাই করুন। বিশেষ করে অনলাইনে পরিচিত এবং এখনো সামনাসামনি দেখা হয়নি,এমন কাউকে অর্থ পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
ব্ল্যাকমেলের শিকার হলে সবচেয়ে বড় ভুল কী?
অনেকেই সামাজিক সম্মান, পরিবার বা ব্যক্তিগত গোপনীয়তার কথা চিন্তা করে প্রথমবার টাকা দিয়ে বিষয়টি শেষ করতে চান। কিন্তু এতে প্রতারণা থেমে যাবে, এমন নিশ্চয়তা নেই। বরং প্রতারক বুঝতে পারে, চাপ প্রয়োগ করলে আরও অর্থ আদায় করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে প্রমাণ সংরক্ষণ করাই প্রথম কাজ।
চ্যাট বা প্রমাণ মুছে ফেলবেন না। কথোপকথনের স্ক্রিনশট, প্রোফাইলের তথ্য, হুমকির বার্তা, অডিও-ভিডিও এবং অর্থ লেনদেনের রেকর্ড যতটা সম্ভব সংরক্ষণ করুন।
অর্থ দেওয়া বন্ধ করুন। প্রতারকের সঙ্গে দর-কষাকষি বা দীর্ঘ তর্কে না গিয়ে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর যোগাযোগ বন্ধ ও অ্যাকাউন্ট ব্লক করুন।
প্ল্যাটফর্মে রিপোর্ট করুন। যে সামাজিক যোগাযোগমাধ্যম বা অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে, সেখানেও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও কনটেন্ট রিপোর্ট করা যেতে পারে।
আইনি সহায়তা নিন। হুমকি, ব্ল্যাকমেল, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো কিংবা অর্থ আদায়ের চেষ্টা হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। বাংলাদেশে জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা যায়। নারী ভুক্তভোগীরা পুলিশের সাইবার সহায়তা ব্যবস্থার মাধ্যমেও সহযোগিতা চাইতে পারেন।
ভালোবাসা নয়, সচেতনতাই প্রথম সুরক্ষা
অনলাইনে তৈরি প্রতিটি সম্পর্ক প্রতারণা নয়। আবার সুন্দর ছবি, ভদ্র আচরণ কিংবা মায়াবী কথাবার্তাও কারও পরিচয় বা উদ্দেশ্যের নিশ্চয়তা দেয় না।
ডিজিটাল সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হতে পারে, বিশ্বাস করার আগে যাচাই করুন, ব্যক্তিগত কিছু দেওয়ার আগে ভাবুন এবং ভয় দেখালে একা মোকাবিলা না করে সাহায্য নিন।
কারণ হানি ট্র্যাপের সবচেয়ে বড় অস্ত্র প্রযুক্তি নয় মানুষের বিশ্বাস, আবেগ এবং ভয়। আর এই তিন জায়গায় সচেতন থাকলেই অনেক প্রতারণা শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া সম্ভব।