বিজ্ঞানের আলোয় দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে নিতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে এ মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মন্ত্রণালয় জানায়, মেলায় ১৫০টির বেশি ইনোভেশন শোকেস থাকবে।এতে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হবে। পাশাপাশি খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৫টির বেশি সেশন ও ডায়ালগ অনুষ্ঠিত হবে।
মেলায় নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্র হিসেবে থাকবে একটি বিশেষ ‘ইনোভেশন হাব’। এতে দেশি-বিদেশি ৫০টির বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরিতে ৫০টির বেশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট অংশ নেবেন।
এ ছাড়া ৫০টির বেশি করপোরেট, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ থাকবে মেলায়। এর মাধ্যমে উদ্ভাবনকে গবেষণাগার বা শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি থেকে বাজার ও শিল্পখাতে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে আয়োজকরা।
মেলার প্রদর্শনীতে অংশ নিতে ব্যক্তি, শিক্ষার্থী ও গবেষক, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, সেবা প্রদানকারী, স্টার্টআপ, আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের মতে, উদ্ভাবনের সঙ্গে শিল্প ও বাজারের সংযোগ বাড়ানো গেলে নতুন ব্যবসা, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যেই মেলাটিকে দেশের উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শন এবং নতুন প্রযুক্তির বাণিজ্যিকীকরণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬। আগ্রহীদের www.innovationfairbd.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।