রামাল্লার পশ্চিমে ফিলিস্তিনি গ্রাম উম আল-সাফার জমিতে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের তৎপরতা বেড়েছে। সম্প্রতি নির্মিত একটি বসতিসহ কয়েকটি অবৈধ বসতি-চৌকির মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ফিলিস্তিনিদের জমি সমতল করতে তারা একটি বুলডোজার নিয়ে আসে।এরপর মোটরসাইকেল ও গাড়িতে করে এলাকায় ছড়িয়ে পড়ে বসতিস্থাপনকারীরা।
আল জাজিরার সাংবাদিক থারওয়াত শুকরা ঘটনাস্থল থেকে জানান, গ্রামের মোট ৪ হাজার ৮০০ দুনাম (প্রায় ১ হাজার ১৮০ একর) জমির মধ্যে ৪ হাজার ৭০০ দুনামের বেশি ইতোমধ্যে দখল করা হয়েছে।
এক হাজারেরও কম মানুষের বসবাসের এই গ্রামের বাসিন্দারা জীবিকার জন্য যেসব জলপাইগাছের ওপর নির্ভর করেন, বসতিস্থাপনকারীরা সেসব গাছও উপড়ে ফেলছেন।
গ্রাম পরিষদের প্রধান মারওয়ান সাবাহ আল জাজিরাকে বলেন, এমনকি কেউ মারা গেলেও গ্রামের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই।তিনি জানান, কবরস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ায় বাসিন্দাদের নিজ বাড়ির কাছে মৃতদের দাফন করতে বলেছেন।
সাংবাদিক থারওয়াত শুকরা জানান, বসতিস্থাপনকারীরা নতুন একটি বসতি-চৌকি গড়ে তুলতে লোহার কাঠামো নিয়ে এসেছে এবং জমি পরিষ্কার করে অবকাঠামো নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।এরপর সেখানে কাফেলা ও বাড়ি নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে আরও বিস্তৃতি ঘটানোর পরিকল্পনা রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, শুধু গত কয়েক মাসেই গ্রামের জমিতে ছয়টি বসতি-চৌকি গড়ে তোলা হয়েছে।