রাষ্ট্রপতি পদে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জাতীয় সংসদে আগামীকাল (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কর্নেল (অব.) অলি আহমদ। স্বচ্ছতা নিশ্চিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের শুরু ও ফল ঘোষণার সময় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।
এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে (মির্জা ফখরুলের জন্য) ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছি।’
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।
স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশন ও সংসদ মিলে অভিনব সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম সাহেব কীভাবে ভোট দিচ্ছেন—তা আমরা লাইভ দেখাব। মাঝখানের সময়টা পুরোটাই রেকর্ড করা হবে। এরপর নির্বাচন শেষ হওয়ার ৫ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আবার সরাসরি সম্প্রচার করা হবে।’
নুরুল ইসলাম বলেন, ‘আগামীকাল ইতিহাসে একটি নতুন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা সরকার ও বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘কালকের নির্বাচনে দুজন ক্যান্ডিডেট—একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন কর্নেল অলি আহমদ। এদেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে ভোট কীভাবে দিতে হয়। এর মাধ্যমে ভোটের প্রতি মানুষের মনোজগতে নতুন করে প্রত্যাশা তৈরি হবে।’
রাষ্ট্রপতি নির্বাচনের পরদিনই শপথ অনুষ্ঠিত হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আমরা যারা সংসদ সদস্য হয়েছি তারা যথেষ্ট সচেতন (সেন্সিবল)। জনগণের ভোট নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আলাদা করে প্রচার-প্রচারণা করার কিছু নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, অন্যরা তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।