রেড কার্পেটে ছবি তোলার সময় এক নারী ভক্তের আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে গত ৮ আগস্ট এ ঘটনা ঘটে।ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার আবদার করেন।নিকিতাও স্বাভাবিকভাবে সেই আবদারে সাড়া দেন।
তবে ছবি তোলার মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়।ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে জোর করে ঠোঁটে চুমু দেন তিনি। আকস্মিক ঘটনায় দৃশ্যতই হতবাক হয়ে যান নিকিতা। তাঁকে ওই নারীকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা ওই নারীকে সরিয়ে নেওয়ার সময়ও তিনি নিকিতার গালে চুমু দেন।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ঘটনাটিকে ব্যক্তিগত পরিসর ও সম্মতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। তাঁদের বক্তব্য, কোনো ব্যক্তি তারকা হলেও তাঁর অনুমতি ছাড়া এভাবে স্পর্শ করা বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়।
সামাজিক মাধ্যমে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ভক্তটি নারী হওয়ায় ঘটনাটিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে কি না। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় ব্যক্তির লিঙ্গ নয়, সম্মতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তবে সামাজিক মাধ্যমের একটি অংশ দাবি করেছে, পুরো ঘটনাটি হয়তো প্রচারের উদ্দেশ্যে সাজানো হয়ে থাকতে পারে। যদিও নিকিতার বেশিরভাগ সমর্থক এমন মন্তব্যের সমালোচনা করেছেন এবং ঘটনার জন্য অভিনেত্রীকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন।
ঘটনার পর প্রথম দিকে নীরব ছিলেন নিকিতা। পরে সামাজিক মাধ্যমে তাঁকে সমর্থন করে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
নিকিতা লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আপনারা জানেন, আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’
অভিনেত্রীর এই বক্তব্যের পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। একই সঙ্গে রেড কার্পেটে তারকাদের নিরাপত্তা এবং তাঁদের ব্যক্তিগত সীমারেখা রক্ষার বিষয়টিও সামনে এসেছে।
নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’,‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মশালা’ ও ‘কিউট কমিনা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১২ সালে তেলুগু সিনেমায়ও অভিষেক হয় নিকিতার। ‘টিম্পা’ সিনেমায় বিক্রম রায়ের বিপরীতে অভিনয় করেন তিনি।
আগামীতে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস