সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ বা ভেটিভার ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিস্তারিত একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম।দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এ ঘাসের বহুমুখী উপকারিতা ও ব্যবহার নিয়ে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, কোন কোন প্রকল্পে এ ঘাস ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে।অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে গঠিত এ কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও থাকবেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিন্না ঘাসকে ‘ভেটিভার ঘাস’ও বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধের ভাঙন মোকাবিলায় এ ঘাসের ব্যাপক ব্যবহার রয়েছে। এর লম্বা মূল বা শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে।

প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এ ঘাস বেঁচে থাকতে পারে। এমনকি দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলেও ঘাসটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকার অসাধারণ ক্ষমতা রয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS