ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির। মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’।মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।
বিশ্বব্যাপী প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২৭ কোটি রুপির বেশি।যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।
এদিকে ভারতের বাজারেই সিনেমাটির প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি।গ্রস হিসাবে ভারত থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে প্রথম দিনের বিশ্বব্যাপী সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।
এই আয় ইমরান হাশমির ক্যারিয়ারে লিড অভিনেতা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী সংগ্রহ। এর আগে তার সর্বোচ্চ উদ্বোধনী আয় ছিল ‘বাদশাহো’ সিনেমার। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ করে নতুন মাইলফলক তৈরি করেছে।
মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। শুক্রবার (১৪ আগস্ট) মুক্তির পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বেশ কিছু শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে ভারতের তুলনায় ব্যবসা কিছুটা সীমিত হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এসব আন্তর্জাতিক অঞ্চল থেকে প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।
প্রথম দিনের ব্যবসার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির এক দিনের মধ্যেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে গেছে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর পুরো সময়ের আয়। ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট আয় করেছিল সিনেমাটি আর বিশ্বব্যাপী গ্রস আয় ছিল প্রায় ২৫ কোটি রুপি।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমাটিতে শিবম পণ্ডিত চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।