বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত সদস্যরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় প্রধানমন্ত্রীও নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং দেশ ও জনগণের কল্যাণে সর্বাত্মক নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাতে দেশের সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের বলেন, দেশের মানুষ আমাদের ওপর যে বিপুল আস্থা রেখেছে, যেকোনো মূল্যে তার প্রতিদান দিতে হবে। জনগণের বিশাল প্রত্যাশা পূরণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থায়ী কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার এবং দলের মধ্যে চমৎকার সমন্বয় বজায় রাখা জরুরি। রাষ্ট্র পরিচালনায় গতিশীলতা আনতে দলের শীর্ষ নেতাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা দলের এবং সরকারের ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা বদ্ধপরিকর।