নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প

নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প

দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে শুরু হওয়া ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো-২০২৬ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র প্রথম পর্বের কুমিল্লা ভেন্যুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শনিবার (১৫ আগস্ট)। কুমিল্লা জেলা স্টেডিয়ামে সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড মাসুদ আলম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় তুলে আনতে প্রথম পর্বে সাতটি জেলা নিয়ে কার্যক্রম সাজানো হয়েছে।এরই মধ্যে নারায়ণগঞ্জ ভেন্যুর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নেত্রকোণা ভেন্যুর কার্যক্রম চলছে। 

কুমিল্লার পর প্রথমবারের মতো এই প্রশিক্ষণে যুক্ত হবে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এর সঙ্গে যুক্ত হবে সিলেটও।

প্রতিটি জেলা থেকে ২৫ জন করে মোট ১৭৫ জন নারী খেলোয়াড়কে নিয়ে ২০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হবে। অভিজ্ঞ কোচদের অধীনে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের হকি গিয়ার, স্টিক, বল ও জার্সি দেওয়া হবে।

নারী খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো এবং তাদের হকিতে আরও এগিয়ে নিতে পুরো ডেভেলপমেন্ট প্রোগ্রামটি কয়েকটি ধাপে সাজানো হয়েছে।

প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে দেশের আরও ১৫ জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, যশোর, নড়াইল, পটুয়াখালী, ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও টাঙ্গাইলকে অন্তর্ভুক্ত করা হবে। এসব জেলায় ২০ জন করে খেলোয়াড় নিয়ে ২০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

তৃতীয় পর্বে বাছাই করা নারী গোলকিপারদের নিয়ে ঢাকায় ১০ থেকে ১৫ দিনের বিশেষ আবাসিক ‘গোলকিপিং কোচিং ক্যাম্প’ আয়োজন করা হবে। এ সময় গোলকিপারদের প্রয়োজনীয় গিয়ারও দেওয়া হবে। এরপর খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বাড়াতে জেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। পরবর্তী ধাপে হবে বিভাগীয় বা জোনাল পর্যায়ের টুর্নামেন্ট।

বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS